দিনাজপুর টোয়েন্টিফোর

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

সরকার দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব অন্তর্ভুক্ত রয়েছেন।[TECHTARANGA-POST:65]কমিটির কাজ মূলত ফ্যামিলি কার্ডের বাস্তবায়নের জন্য নকশা বা ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ। প্রাথমিকভাবে আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা বাছাই করে কার্ড প্রবর্তনের ব্যবস্থা করা হবে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচি এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা কমিটি পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের সংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশও করবে কমিটি।সরকার আশা করছে, আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা সম্ভব হবে। সেই লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, কমিটি প্রয়োজন অনুসারে সভা করবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড