প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
২৬ নয়, ৩২ জনের দল নিয়ে বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিউজ ডেস্ক ||
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেনি। অন্য বড় দলগুলো যখন তাদের দল চূড়ান্ত করে ফেলেছে, তখন লিওনেল স্কালোনির দল ডেডলাইনের দিনেই স্কোয়াড প্রকাশ করবে। শুধু তাই নয়, চোটের ঝুঁকি মাথায় রেখে প্রীতি ম্যাচের জন্য তারা বাড়তি ফুটবলারও সঙ্গে নিয়ে যাচ্ছেন।কাতার বিশ্বকাপে হোয়াকিন কোররেয়া ও নিকোলাস গনজালেজের চোটে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্কালোনি সতর্ক। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের পরিবর্তে ৩২ জনের বড় দল নিয়ে যাবেন তিনি। এতে শেষ মুহূর্তে কোনো সমস্যা হলে বিকল্প খেলোয়াড় পাওয়া সহজ হবে।প্রীতি ম্যাচের এই বর্ধিত দলে থাকতে পারেন সান্তিয়াগো বেলত্রান, হোয়াকিন ফ্রেইটাস, টমাস আরান্দা, সিমন এস্কোবার, ইগ্নাসিও ওভান্দো ও নিকোলাস কাপালদো। এছাড়া অগাস্টিন গিইয়েকেও দলে রাখার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি গনজালো মন্টিয়েল ও নাহুয়েল মোলিনা চোটে পড়ায় ডান প্রান্তের ব্যাক হিসেবে গিইয়েকে বিকল্প হিসেবে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি গিইয়ে ও কাপালদোর সম্ভাবনা নিয়ে আশাবাদী কথা বলেছেন। তিনি বলেন, “অগাস্টিন গিইয়ে ও কাপালদো প্রীতি ম্যাচের দলে থাকবে। তারা আমাদের দলে অবদান রাখতে পারে। তারা তরুণ, কিন্তু আমরা মনে করি ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডেও তারা জায়গা পেতে পারে। কেন নয়?”স্কালোনি আরও যোগ করেন, “তারা এখনো ছোট, কিন্তু আমরা ভবিষ্যতের কথাও ভাবছি। দল ঘোষণার পর থেকে প্রথম ম্যাচ পর্যন্ত যদি কোনো সমস্যা হয়, তাহলে তারা সাহায্য করতে পারবে।”তবে ফ্রেইটাস, ওভান্দো ও এস্কোবারের চূড়ান্ত ২৬ জনের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তারা প্রাথমিক ৫৫ জনের দলে ছিলেন না।আগামী শনিবার যুক্তরাষ্ট্রের কানসাসে বেইস ক্যাম্পের উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। সেদিনই ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। একদিন বিশ্রামের পর সোমবার থেকে অনুশীলন শুরু করবেন লিওনেল মেসিরা।প্রীতি ম্যাচে তারা খেলবে হন্ডুরাসের বিপক্ষে (৭ জুন ভোরে, টেক্সাস) এবং আইসল্যান্ডের বিপক্ষে (১০ জুন ভোরে, আলাবামা)। আর বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ১৭ জুন ভোরে আলজেরিয়ার বিপক্ষে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম